নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুষ্কৃতিকারীরা চলন্ত অবস্থায় একটি ককটেল নিক্ষেপ করে এবং দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।
বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে উপস্থিত সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম অল্পের জন্য বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান।
ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান গতরাতে প্রতিবেদককে বলেন, এইমাত্র নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতিকারীরা ককটেল ছুড়ে মেরেছে। সোহরাওয়ার্দী কলেজের সভাপতি জসিম অল্পের জন্য ইনজুরি থেকে রক্ষা পেয়েছে। সবাইকে সতর্ক অবস্থায় থাকার অনুরোধ রইলো। আমরা জাতীয়তাবাদী শক্তি সকলে ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করবো ইনশাআল্লাহ।
কারা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীরা যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের গুপ্ত সন্ত্রাসী সংগঠন শিবিরকে দায়ী করেন।
বিস্ফোরণের সময় আশপাশে কিছু পরিচিত মুখ দেখা যাওয়ার দাবি করেছেন প্রত্যক্ষদর্শী কর্মীরা।
ছাত্রদল নেতারা বলছেন, রাজনৈতিক মাঠে অস্থিরতা তৈরি করতে গুপ্ত সংগঠন শিবির গোপনে এমন হামলার কৌশল নিচ্ছে। তারা আগে ছাত্রলীগের ভেতরে থেকে তাদের ক্ষতি করেছে, আমরা বুঝতে পারছি আমাদের ভেতরেও ঘাপটি মেরে আছে তারা।
এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং জাতীয়তাবাদী শক্তি হিসেবে ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব ইনশাআল্লাহ।
