❐ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ২৩শে সেপ্টেম্বর, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী (৬৫) ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে জরুরি ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে থানায় নেওয়া হয়।
ওসি জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোশতাক আহমেদ রুহী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ “বিলুপ্ত ঘোষণা” করলে অন্য সংসদ সদস্যদের সঙ্গে তার সংসদ সদস্য পদও “বিলুপ্ত” হয়।
