গোপালগঞ্জ প্রতিনিধি। ১৫ই নভেম্বর, ২০২৬।
গোপালগঞ্জে আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও ঝটিকা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রবিবার সকাল থেকে গোপালগঞ্জ সদরে ঢুকছে একের পর এক মিছিল। হাজার হাজার নারী-পুরুষ আসছে প্রত্যেক এলাকা থেকে। সকলের মুখে একটাই সুর, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।’
এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভের খবর পাওয়া যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা বিভিন্ন স্থানে জড়ো হন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। হঠাৎ এমন কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলার টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় একাধিক বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে টুঙ্গিপাড়ার বর্ণি বাজার এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তিন কিশোরকে মারধর করলে বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন
শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।
এদিকে, এসব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতী-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
