❐ চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১২৬ জন এবং তার আগের ২৪ ঘণ্টায় ১১০ জন ভর্তি হয়।
এ নিয়ে চলতি মাসের গত ২১ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৫৩ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছে।
আজ ২১শে সেপ্টেম্বর, সোমবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে এসব জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৩ জন রয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী ৩ হাজার ৫৮৯ জন। এরমধ্যে মারা গেছে ১৭ জন। সরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৭৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
মোট আক্রান্তের মধ্যে বর্তমানে নগর ও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৪৭ জন। গতবছর সেপ্টেম্বরের তুলনায় এবার সেপ্টেম্বরে আক্রান্ত ও মৃত্যু বেশি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৭৮৩ জন, নারী ১ হাজার ১০ জন এবং শিশু ৭৯৬ জন। এরমধ্যে মারা যাওয়া ১৭ জনের মধ্যে পুরুষ ৪, নারী ৮ ও শিশু ৫ জন।
