৫ কোটি টাকা চাঁদার দাবিতে ২৫টি গাড়ি ভাঙচুর যুবদল নেতার, পদ্মা সেতু বন্ধের হুঁশিয়ারি পরিবহন শ্রমিকদের

৫ কোটি টাকা চাঁদার দাবিতে ২৫টি গাড়ি ভাঙচুর যুবদল নেতার, পদ্মা সেতু বন্ধের হুঁশিয়ারি পরিবহন শ্রমিকদের
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

শরীয়তপুর পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলার পরিবহনমালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় চলমান চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ না হলে তারা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেবেন।

তাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পর গত ৫ই আগস্ট থেকে যুবদলের নেতা মুশফিকুর রহমান ফাহিম প্রতিদিন শরীয়তপুরের যানবাহনগুলো থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করছেন। সম্প্রতি তিনি ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং তা না পেলে শরীয়তপুরের গাড়িগুলো যাত্রাবাড়ীতে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দেন।

শ্রমিকরা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৯ই জুলাই থেকে ফাহিম ও তার অনুসারীরা শরীয়তপুরগামী গাড়িগুলোর চলাচল বন্ধ করে দেয়। ইতিমধ্যে যাত্রাবাড়ী ও দোলাইপাড় এলাকায় প্রায় ২৫টি যানবাহন ভাঙচুর এবং ১০ জন শ্রমিককে মারধরের অভিযোগ করা হয়। এতে ভয়ে অনেক গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না।

এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাব, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছে শরীয়তপুর জেলা পরিবহন মালিক গ্রুপ।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. ফারুক আহমেদ তালুকদার বলেন, “পদ্মা সেতু চালুর পর থেকে আমরা নিয়মিত যাত্রীসেবা দিয়ে আসছি। কিন্তু এখন ফাহিম প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা করে চাঁদা নিচ্ছে। সম্প্রতি সে ৫ কোটি টাকা দাবি করে, যা আমরা দিতে অস্বীকার করলে সে আমাদের গাড়ি চলাচলে বাধা দেয়।”

আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদার বলেন, “এত চাঁদাবাজির ফলে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে। কয়েকটি চালু গাড়িও যাত্রাবাড়ী এলাকায় ঢুকতে পারছে না। এতে প্রভাব পড়েছে শরীয়তপুরের লাখো যাত্রীর ওপর। আমাদের শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই, তা না হলে বাধ্য হয়ে পদ্মা সেতু অবরোধ করব।”

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “আমি বিষয়টি আজ মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। এখন খোঁজ নিচ্ছি। যা করণীয়, আমি আইন অনুযায়ী করব।”

Visited 13 times, 1 visit(s) today