বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির শেষপ্রান্তে অবস্থিত ‘ফজিলা ছাত্রীনিবাস’-এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সহপাঠীদের বরাতে জানা যায়, সিনথিয়াকে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি মেসের মালিককে জানানো হয়। পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিহত সিনথিয়া আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে। তাঁর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।
