দিনাজপুরে মাদ্রাসার শৌচাগারে ৮ বছরের শিশুর মরদেহ, মুহতামিম আটক: ধর্ষণ সন্দেহ

দিনাজপুরে মাদ্রাসার শৌচাগারে ৮ বছরের শিশুর মরদেহ, মুহতামিম আটক: ধর্ষণ সন্দেহ
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


দিনাজপুরের বিরলে একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার, ১৪ই নভেম্বর, রাত ৮টার দিকে উপজেলা সদরের মাদ্রাসাটি থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত সাফায়েত বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় ৮ মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।

তার মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদ্রাসার অন্য শিক্ষার্থী এবং স্থানীয়দের ধারণা, শিশুটিকে এক বা একাধিকবার ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি সে কাউকে বলে দিতে পারে সন্দেহ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে সাফায়েতের দাদা মাদ্রাসায় গিয়ে তার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। রাতে নাতির মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদ্রাসার শৌচাগারের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকতে দেখে মুহতামিম মোকাররম হোসেনের সন্দেহ হয়। তিনি কয়েকবার দরজায় কড়া নেড়েও ভেতর থেকে সাড়া পাননি। পরে দরজার ওপরের ফাঁকা জায়গা দিয়ে মুঠোফোনের আলো ফেললে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করেন তিনি।

শিশুটিকে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Visited 2 times, 1 visit(s) today