মাত্র ২ বছরে সরকারি ঋণ বেড়েছে আরও ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা, সুদেই ব্যয় ১ লাখ কোটির বেশি!

মাত্র ২ বছরে সরকারি ঋণ বেড়েছে আরও ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা, সুদেই ব্যয় ১ লাখ কোটির বেশি!
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


মাত্র দুই বছরে বাংলাদেশের সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়েছে। ২০২২ সালের ৩০ জুন এ ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায় পৌঁছায়।

সামনের কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হতে পারে। ২০২৯-৩০ অর্থবছরে এই অঙ্ক বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

রবিবার, ১৫ নভেম্বর, কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উপলক্ষে প্রকাশিত প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য তৈরির জন্য প্রস্তুত করা নোটটিতে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনায় সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক তুলে ধরা হয়েছে।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩৬ শতাংশ। ওই সময় সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়ায় প্রায় ১০৪ বিলিয়ন ডলারে।

২০০৯ সালে মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩.৫ বিলিয়ন ডলার।

সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ সাড়ে তিন গুণ বেড়েছিল। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করা হয় ৩.৪ বিলিয়ন ডলার।

২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বিবরণও প্রেস ব্রিফিং নোটে রয়েছে। এতে বলা হয়েছে, তখন বাজেট ঘাটতি পূরণে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাইয়ের শেষে ২০.৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতি হয়েছে বলে নোটে দাবি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় দাঁড়ায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সরকারের ঋণ নেওয়ার খরচও কমেছে বলে নোটে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে।

ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে ধরা হয়েছে। এ লক্ষ্যে করের আওতা বাড়ানো, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থাকে ডিজিটাল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোতে নতুন মূলধন জোগানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের বদলে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ঋণের অর্থ যাতে যথাযথ যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ব্যয় হয়, সেটিও নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ টানা এবং ঋণের উৎস বাড়াতে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও নোটে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথাও বলা হয়েছে।

Visited 6 times, 3 visit(s) today