বিসিএস প্রশাসন ভবনে বোমায় নিহতের ঘটনায় ইউনূস সরকার নীরব হলেও তীব্র প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

বিসিএস প্রশাসন ভবনে বোমায় নিহতের ঘটনায় ইউনূস সরকার নীরব হলেও তীব্র প্রতিক্রিয়া মির্জা ফখরুলের
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার দিবাগত রাতে নিউ ইস্কাটন রোডস্থ বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে বোমা হামলার ঘটনা ঘটেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির বরাতে জানা যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত হন আরও একজন। এ ঘটনায় ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দেশি প্রথম সারির গণমাধ্যমগুলোকেও নীরবতা পালন করতে দেখা গেছে। তবে চুপ থাকতে পারেননি বিএনপির মহাসচিব।

এই ঘটনায় হতাহতদের স্মরণ করে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছেন বিএনপির এই নেতা।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, গত বৃহস্পতিবার রাতে নিউ ইস্কাটন রোডস্থ বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে।

বিবৃতিতে ফখরুল আরও বলেন, দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

বিবৃতিতে, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর পাশাপাশি বোমা হামলায় হতাহতের শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন আহত ও একজন নিহত হন। নিহত আব্দুল মালেক খান (৪০) বিয়ামের একটি কক্ষেই থাকতেন। আহত গাড়িচালক মো. ফারুক (৪০) গুরুতর আহত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুজনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিয়ামের কর্মী। বিস্ফোরণের ফলে সংঘটিত অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ভোর সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিনের বরাতে।

বিয়ামের ওই স্থাপনায় বিভিন্ন দপ্তর, মিলনায়তন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দশতলা ভবনের পাঁচতলায় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একটি অফিস কক্ষে এই ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের সহায়তায় আব্দুল মালেককে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই সোহেল খান জানান, তার বড় ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরি করতেন এবং রাতে অফিসেই ঘুমাতেন। তিনি ৫০৪ নম্বর কক্ষে থাকলেও ওইদিন কেন তিনি ৪০৭ নম্বর কক্ষে ছিলেন জানেন না। এ ঘটনাকে তিনি রহস্যজনক বলে উল্লেখ করেছেন।

Visited 170 times, 1 visit(s) today