নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে স্বাগত জানায়। তবে অন্তর্বর্তী সরকারে থাকা তিনজন ছাত্র-উপদেষ্টার মধ্যে মাত্র একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে অন্য দুই ছাত্র-উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্বকারী সকল ছাত্রের পদত্যাগের আহ্বান জানাচ্ছি।
শনিবার রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর পানির টাংকির আল রাজি কমপ্লেক্সে জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ভিপি নুর বলেন, গুটিকয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে।
নির্দিষ্ট বলয়কেন্দ্রীক সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ বির্নিমাণে ‘গণঅভ্যুত্থানের’ অংশীজনদের নিয়ে একটি অর্ন্তভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জনআকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি-বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। ফলে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজ তাতে ফাটল ধরেছে, বিভাজনের সৃষ্টি হয়েছে। যা এই মুহুর্তে জাতির জন্য কোনভাবেই কাম্য ছিলো না। দুঃখজনক হলেও সত্য গত ৬ মাস সেটিই অবলোকন করা গেছে।
তিনি আরও বলেন, গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে, গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। বৈষম্যবিরোধী আন্দোলন কোন একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি।
চারটি দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘গণঅভ্যুত্থানের’ অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসন এবং শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন, গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, শাকিল উজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ।
