আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ

আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক বাহারকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার কিশোর পুত্রকে ধরে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ।

২১শে সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র ব্যাপক তোলপাড়ের পাশাপাশি সচেতন নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের এহেন কর্মকাণ্ডকে ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেছেন এলাকার সাধারণ মানুষ।

ওইদিন দুপুরে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা বাহারের আটক কিশোর পুত্র বাফতিন আহমেদ জিহান (১৬) বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে।

তার মা সাথী আক্তার জানান, তার স্বামী বাহারের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। তারপরও সোমবার দুপুরে তাকে (বাহার) গ্রেপ্তারের জন্য পুলিশ বাসায় অভিযান পরিচালনা করে। বাহারকে না পেয়ে তাদের কিশোর পুত্র জিহানকে ডিবি পুলিশ টেনেহিঁচড়ে অমানবিকভাবে ধরে নিয়ে গেছে।

ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এসময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করছেন। চিৎকার ও হৈ চৈয়ের মধ্যে আশপাশে জড়ো হন উৎসুক জনতা।

পুলিশের সাথে ধ্বস্তাধস্তির একপর্যায়ে পড়ে যান জিহানের মা সাথী আক্তার। পরে ডিবি পুলিশ পিকআপে করে জিহানকে আটক করে নিয়ে চলে যায়।

এ বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Visited 3 times, 3 visit(s) today