পুলিশকে পিটিয়ে হাতকড়া খুলে এজলাস থেকে পালাল হত্যা মামলার আসামি

পুলিশকে পিটিয়ে হাতকড়া খুলে এজলাস থেকে পালাল হত্যা মামলার আসামি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন হত্যা মামলার চার্জশিটভুক্ত এক আসামি।

চাঞ্চল্যকর এ ঘটনায় প্রশ্ন উঠেছে দেশের বিচারিক কার্যক্রমে নিরাপত্তার ঘাটতি ও সরকারের সংশ্লিষ্টদের নজরদারির দুর্বলতা নিয়ে। পুলিশকে মারধর করে আসামি পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. শরিফুল ইসলাম (২২)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা এবং মৃত শফিক আহম্মেদের ছেলে।

শরিফুল রাজধানীর খিলগাঁও থানায় দায়ের হওয়া কিশোর জিসান হোসেন (১৪) হত্যা মামলার অন্যতম আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়। আদালতের কার্যক্রম শেষে শরিফুলকে হাজতখানায় নেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. শহিদুল্লাহকে মারধর করে পালিয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রিপন।

এসআই রিপন জানান, আসামিকে এজলাস থেকে ফেরত নেওয়ার সময় সে আচমকাই পুলিশকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় শরিফুলের হাতে হাতকড়া থাকলেও তা ‘কোনোভাবে’ খুলে ফেলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাইন উদ্দিন জানিয়েছেন, আসামির হাতে হাতকড়া থাকলেও সে ধাতব কিছু ব্যবহার করে হাতকড়া ঢিলা করে এবং পরে খুলে ফেলে। এরপর সে পুলিশ সদস্যকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং আসামিকে ধরতে তল্লাশি জোরদার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Visited 8 times, 1 visit(s) today