নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজীর উপজেলার আমজাদহাট ইউনিয়ন বিএনপি নেতা কবির আহম্মদ প্রকাশ জাল কবিরকে গতকাল ১৫ই জুলাই, মঙ্গলবার সন্ধায় গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানা-পুলিশ। গ্রেপ্তারের পর তাকে হাতকড়া পরায় পুলিশের আভিযানিক দলের সদস্যরা। একপর্যায়ে তার সহযোগীরা এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে যান কবির।
পলাতক বিএনপি নেতা কবির আহম্মদ আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, জাল কবির অন্তত হয়রানিমূলক ৩০টি মামলার বাদি এবং নিজে ১২/১৫টি মামলার আসামি। জাল দলিল বানিয়ে জায়গাজমি দখলের বেশ কয়েকটি ঘটনায় সে জড়িত থাকায় এলাকায় তিনি জাল কবির নামে পরিচিত।
এই হামলায় ছাগলনাইয়া থানার ৩ পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার হোসেন ও কনস্টেবল মোহাম্মদ সুমন আহত হয়েছেন।
ওসি জানান, ছাগলনাইয়ার সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি কবিরকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীরা কবিরকে ছিনিয়ে নিয়ে যান।
কবিরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
