ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি
নিখোঁজের দীর্ঘ ২ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি গ্রামের বড় বাড়ির পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি পরিবারের বড় সন্তান এবং তার বাবা ঢাকায় একটি বেকারিতে কর্মরত।
নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শিশুটি একই গ্রামে অবস্থিত তার মামার বাড়িতে যায়। সকাল পৌনে ১০টার দিকে মামার বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। এর ১৫ মিনিট পর শিশুটির মা মেয়ের খোঁজে মামার বাড়ি এলে বুঝতে পারেন সে বাড়িতে পৌঁছায়নি।
পরিবারের সদস্যরা তাত্ক্ষণিকভাবে এলাকায় মাইকিং, মসজিদে মাইকে ঘোষণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শিশুটির সন্ধান করতে থাকেন। সন্ধান না পেয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
অবশেষে গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মামার বাড়ি থেকে দুই মিনিটের হাঁটা দূরত্বে এক পুকুরপাড়ের ঝোপে শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে অর্ধগলিত ও বিকৃত চেহারার মরদেহটি উদ্ধার করে।
পরিবারের আহাজারি ও বিচার দাবি
শিশুটির মামা আক্ষেপ করে বলেন, “কারো সঙ্গে আমার বোন বা ভগ্নিপতির কোনো শত্রুতা ছিল না। লাশ পচে গেছে, মুখ কালো হয়ে গেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।” ঢাকায় কর্মরত শিশুটির বাবা এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
