আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে প্রেরণ, ৯ জনের জামিন

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে প্রেরণ, ৯ জনের জামিন
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৬ এপ্রিল ২০২৫, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলন কেন্দ্রিক সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থি ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

৬ই এপ্রিল, রোববার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

আত্মসমর্পণকারী মোট ৯৩ জনের মধ্যে ৯ জন আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়েছে, যাদের মধ্যে ৮ জনই নারী। অন্যদিকে বাকি ৮৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তাতে বিরোধিতা করে। আদালত শুনানি শেষে ৯ জনের জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে অভিযুক্ত আইনজীবীরা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুপুর ৩টা ৩০ মিনিট থেকে শুনানি শুরু হয় এবং বিকেল ৫টার পর রায় ঘোষণা করা হয়।

মামলার পটভূমি

বৈছা আন্দোলনের সময় গত বছরের ৪ঠা আগস্ট আদালত প্রাঙ্গণে সহিংস ঘটনার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। ২০২৫ সালের ৬ই ফেব্রুয়ারি তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন, যা পরে কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়।

মামলার এজাহারে দাবি করা হয়, আসামিরা বেআইনি সমাবেশ করে লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আইনজীবীদের ওপর হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় তারা “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” বলে স্লোগান দেন। এক পর্যায়ে আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে এক আইনজীবীর দিকে গুলি তাক করেন বলে অভিযোগ করা হয়।

জামিনের অবস্থা

এর আগে মামলার ১১৫ জন আসামি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছিলেন, যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল, ৭ই এপ্রিল। ওই আসামিদের পরবর্তী আইনি অবস্থান নির্ভর করছে আদালতের আগামী শুনানির ওপর।

আলোচিত আসামিদের তালিকায় যারা

এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. সাইদুর রহমান মানিক, মো. মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, গাজী মো. শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ শাওন, মো. ফিরোজুর রহমান মন্টু, মো. আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম।

Visited 122 times, 1 visit(s) today