ডিপিএলে রেকর্ড গড়লেন আবাহনীর পারভেজ

ডিপিএলে রেকর্ড গড়লেন আবাহনীর পারভেজ
শেয়ার করুন

হেসেখেলে উড়িয়ে দেওয়া যায় এমন এক মামুলি লক্ষ্য। সেই লক্ষ্যকে আরও সহজ বানিয়ে দিলেন পারভেজ হোসেন ইমন। আবাহনী লিমিটেডের এই ওপেনার অবিশ্বাস্য দ্রুততায়, মাত্র ১৫টি বল খরচ করে অর্ধশতক পূর্ণ করলেন। এর মাধ্যমে স্বীকৃত ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড করলেন তিনি।

রবিবার বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমে এই অসাধারণ কীর্তি গড়েন পারভেজ। লিস্ট-এ ক্রিকেট তো বটেই, একইসাথে টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটেও এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি।

এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ড ছিল ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের দখলে। ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে তারা দুজনেই ১৮ বলে ফিফটি করেছিলেন। অন্যদিকে, স্বীকৃত ক্রিকেটে দেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুত ফিফটির আগের রেকর্ডটি ছিল শুভাগত হোম চৌধুরীর। তিনি শাইনপুকুরের হয়েই মোহামেডানের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১৬ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

এদিনের ম্যাচে, বিকেএসপির মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩১ ওভারে আনা হয়। সেই ম্যাচে শাইনপুকুর ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায়। জবাবে ৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনী মাত্র ৬.৪ ওভার খেলে। বর্তমান চ্যাম্পিয়নরা ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে। রান তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং করতে থাকেন পারভেজ। তিনি মাত্র ২৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন। এই পথে তিনি মাত্র ১৫টি বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন এবং বাঁহাতি এই ব্যাটসম্যান ইতিহাসের পাতায় নিজের নাম লেখান।

এদিকে প্রতিকূল বাস্তবতার মাঝেও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্বার গতিতে ছুটছে আবাহনী লিমিটেড। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আগের মতন অবস্থান শক্ত তাদের। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

Visited 53 times, 1 visit(s) today