নিজস্ব প্রতিবেদক
এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৬ই এপ্রিল, রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ মাসের নির্ধারিত দামেই এপ্রিলে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১,৪৫০ টাকায়। অর্থাৎ, এলপিজির দামে কোনো পরিবর্তন আসেনি।
তবে অটোগ্যাসের ক্ষেত্রে সামান্য হ্রাস করা হয়েছে। এপ্রিল মাসের জন্য অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের চেয়ে ২ পয়সা কম।
বিইআরসি জানায়, মার্চের মতোই বেসরকারি খাতে বিক্রিত এলপিজির প্রতি কেজির মূল্য মূসকসহ নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা ৮১ পয়সা। এই হিসাবে বিভিন্ন ওজনের সিলিন্ডারের মূল্য নির্ধারিত হবে।
এর আগে গত মার্চ মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৭৮ টাকা থেকে ১,৪৫০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে বাজারে নির্ধারিত দামে গ্যাস বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে সাধারণ ভোক্তাদের মধ্যে।
বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক দাম প্রকাশ করে, যা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। সেই সিপিকে ভিত্তি ধরে বাংলাদেশে আমদানি মূল্য ও ডলারের গড় বিনিময় হারে হিসাব করে বিইআরসি দেশীয় বাজারে এলপিজির মূল্য সমন্বয় করে।
তবে ভোক্তাদের মধ্যে এই দাবি উঠছে যে, মূল্য নির্ধারণের পাশাপাশি সরকারকে বাজার তদারকির দিকেও আরও মনোযোগী হতে হবে, যেন নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত হয়।
