নিজস্ব প্রতিবেদক
গত বছরের জুলাই-আগস্টে সশস্ত্র জঙ্গি হামলা চালিয়ে রাষ্ট্র ক্ষমতার পট-পরিবর্তনকে স্মরণীয় করে রাখতে সচেষ্ট ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে এখন থেকে ৫ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১৯শে জুন, বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ফারুকী বলেন, জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনার লক্ষ্যে জুলাইয়ের ১ তারিখ থেকেই বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। জুলাইয়ের ১৪ তারিখ থেকে ৫ই আগস্ট পর্যন্ত মূল ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। তার ধারাবাহিকতায় ৫ই আগস্টকে এ বছর থেকে সরকারি ছুটি ঘোষণা করা হবে।
এ সময় সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার বিষয়ে। সি আর আবরারকে প্রধান করে কমিটি গঠন করে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্যে অতীতে কোনো টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হলে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ৫ই আগস্টের আগে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা নিশ্চিত করতেও কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হবে। তারা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে প্রোক্লেমেশন তৈরি করবেন।
