❐ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
২৭শে আগস্ট, বৃহস্পতিবার সকালে মিতু আকতার নামে হত্যা মামলার এই আসামি কৌশলে পালিয়ে যায়। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি মিতু নামের এক নারী আসামি থানা থেকে পালিয়ে গেছে। তিনি ৩ দিনের রিমান্ডে ছিলেন। আজই শেষ দিন ছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কৌশলে গেটের তালা খুলে সে পালিয়ে যায়।
ওই সূত্রটি আরও জানিয়েছে, নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি থানা থেকে বের হয়ে গেছে।
এ দিকে এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
