দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি পায়খানা নিয়ে বিএনপি নেতাদের ধান্দাবাজি-চাঁদাবাজি প্রকাশ্যে

দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি পায়খানা নিয়ে বিএনপি নেতাদের ধান্দাবাজি-চাঁদাবাজি প্রকাশ্যে
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


বরিশালের গৌরনদীতে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ সরকারি টুইন পিট ল্যাট্রিনের তালিকায় নাম তুলতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রতিটি ল্যাট্রিনের জন্য সরকারি নির্ধারিত সহায়ক চাঁদা ৫ হাজার টাকা। কিন্তু সুবিধাভোগীদের কাছ থেকে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলায় গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় ৫৯৫টি টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি দপ্তরের অনুমতি ছাড়াই উপজেলার সাতটি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতারা তালিকা তৈরির কাজ করছেন। কয়েকজন নেতার সংশ্লিষ্টতার পাশাপাশি তাদের মাধ্যমে টাকা সংগ্রহের অভিযোগও উঠেছে।

ইউএনওর সতর্কবার্তার পরও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে আসার পর গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম তার ফেসবুক অ্যাকাউন্টে সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি জানান, নির্মাণাধীন ইম্প্রুভড ল্যাট্রিনের জন্য নির্ধারিত সহায়ক চাঁদা ৫ হাজার টাকা। তালিকা চূড়ান্ত হওয়ার পর এই অর্থ ব্যাংকে জমা দিতে হবে। এর বাইরে সরকারি কোনো খরচ নেই।

ইউএনওর পোস্টের মন্তব্যেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ এসেছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল জানান, তার কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লবের মন্তব্যে সরিকল ইউনিয়নে সাড়ে ৫ হাজার টাকা নেওয়ার তথ্য উঠে আসে।

উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ জানান, বার্থী ইউনিয়নে প্রতিজনের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। চাঁদশী ইউনিয়নে একজনের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগ যাচাই করতে গিয়ে খাঞ্জাপুর ইউনিয়নের প্রাথমিক তালিকায় থাকা চারজনের সঙ্গে কথা বলা হয়। তারা জানান, প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

হান্নান মীর নামের এক ব্যক্তি বলেন, গৌরনদী বাসস্ট্যান্ডের একটি কার্যালয়ে তার ও আরও তিনজনের ফরম এবং টাকা জমা নেওয়া হয়েছে।

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার তাদের ফরম দিয়েছিলেন। তবে হান্নানের দাবি, ফজলুল হক নিজে টাকা নেননি।

বার্থী ইউনিয়নের তালিকায় নাম থাকা পারুল বেগম জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর মাধ্যমে তিনি ল্যাট্রিনের জন্য নাম লেখান।

তার ভাষ্য, মিন্টু টাকা নেননি; গৌরনদী বাসস্ট্যান্ডে টাকা জমা দেওয়া হয়েছে। তালিকায় থাকা আরও কয়েকজনও একই ধরনের তথ্য দিয়েছেন।

বাটাজোর ইউনিয়নের রেকসোনার স্বামী জানান, গৌরনদী বাসস্ট্যান্ডের আগৈলঝাড়া সড়কে বসে তার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়।

সাধারণত ৭ হাজার টাকার কম নেওয়া হয় না বলে জানিয়ে তিনি বলেন, অনুরোধ করে ১ হাজার টাকা কম দিয়েছেন। একই ইউনিয়নের তালিকাভুক্ত পারভীনের কাছ থেকেও ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদার বলেন, তারা ল্যাট্রিনের জন্য তালিকা জমা দিয়েছেন, কিন্তু কারও কাছ থেকে টাকা নেননি।

তার অভিযোগ, জসিম শরীফ ও আকবর নামের দুজন সরকারি নির্ধারিত ৫ হাজার টাকার বদলে ৭ হাজার টাকা করে নিয়েছেন। এ বিষয়ে তিনি প্রতিবাদও করেছেন।

বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু জানান, তার কাছে ৭০ জনের নামের তালিকা চাওয়া হয়েছিল এবং তিনি তা জমা দিয়েছেন। তবে টাকা সংগ্রহ করেছেন আশোকাঠীর আকবর।

মিন্টুর ভাষ্য, জনপ্রতি ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদা ল্যাট্রিনের তালিকা তৈরির কথা স্বীকার করেছেন। তবে অর্থ সংগ্রহের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

অভিযোগে নাম আসা জসিম শরীফ উপজেলা যুবদলের পদবিহীন নেতা এবং উপজেলা বিএনপির সদস্য সচিবের ভাতিজা। আর মিজানুর রহমান আকবর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে বক্তব্য জানতে জসিম শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি সালিশির কাজে ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। আকবরও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

গৌরনদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলায় ৫৯৫টি টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ রয়েছে। প্রতিটির জন্য সুবিধাভোগীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা সহায়ক চাঁদা জমা দিতে হবে। এর অতিরিক্ত অর্থ দেওয়ার কোনো নিয়ম নেই।

তিনি বলেন, তালিকা তৈরির দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর কাউকে দেয়নি। ইউনিয়ন পরিষদ থেকে তালিকা পাওয়ার পর তা উপজেলা ওয়াটসান কমিটির মাধ্যমে প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হবে। প্রকল্প পরিচালক অনুমোদন দিলে ব্যাংকের মাধ্যমে সহায়ক চাঁদা জমা নেওয়া শুরু হবে।

সহকারী প্রকৌশলী আরও জানান, এখনো তালিকা অনুমোদিত হয়নি। তাই এই পর্যায়ে দপ্তরের পক্ষে সহায়ক চাঁদা সংগ্রহের সুযোগ নেই। অতিরিক্ত অর্থ লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ টাকা নিয়ে থাকলে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, সরকারি দপ্তর ছাড়া অন্য কারও হাতে টাকা না দিতে সবাইকে নিরুৎসাহিত করা হয়েছে।

Visited 4 times, 1 visit(s) today