গণমাধ্যমে হামে শিশুমৃত্যুর খবর ধামাচাপা: নতুন ৪ জনসহ মৃতের সংখ্যা ১২১৩ জন

গণমাধ্যমে হামে শিশুমৃত্যুর খবর ধামাচাপা: নতুন ৪ জনসহ মৃতের সংখ্যা ১২১৩ জন
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


গণমাধ্যমে হামে শিশু মৃত্যুর খবর আড়ালে নানা কৌশল প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ। কিন্তু এতে থেমে নেই মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৩ জনে। একই সময়ে “নিশ্চিতভাবে” হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন শিশু।

১৬ই নভেম্বর, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪ জন, চট্টগ্রামে ১২২, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১৮ জন, চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৭৯, বরিশালে ১৭২, খুলনায় ১২৮, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

চলতি বছর হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনের মধ্যে। তাদের মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ই মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না।

Visited 2 times, 1 visit(s) today