❐ নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য সংঘটিত আন্দোলন প্রতিহত করতে নামা সরকারি দলের কর্মীদের হামলায় আহত ট্রেন্স সুজ লিমিটেডের শ্রমিক মো. সেলিম (২০) মারা গেছেন।
গত ৪ঠা নভেম্বর কারখানার সামনেই রাজনৈতিক কর্মীদের হামলার শিকার হওয়ার পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ১৬ই নভেম্বর, সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
সেলিম ট্রেন্স সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। গত ৪ঠা নভেম্বর দুপুর ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ কর্মী আখ্যা দিয়ে তাকে পেটায় বিএনপি ও সমর্থক রাজনৈতিক সন্ত্রাসীরা।
ওই দিন কারখানা ছুটি হলে অন্য শ্রমিকদের সঙ্গে বের হন সেলিম। এ সময় রাজনৈতিক সন্ত্রাসীরা “লীগকর্মী” আখ্যা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন। সেলিম মাথায় গুরুতর আঘাত পান।
সেলিমের বাবা আব্দুর রহিম বলেন, হামলার পর সহকর্মীরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তিনি সেখানে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের চিকিৎসকেরা সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই তাকে সেখানে নেওয়া হয়। পরে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সাভারের আরাপাড়া এলাকার সবুজবাগে একটি ভাড়া বাসায় থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।
সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সেলিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা তার মরদেহ নিয়ে যান।

বিএনপি ও সমমনা দলগুলোর সন্ত্রাসী কর্মীরা আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের আওয়ামী লীগ কর্মী আখ্যায় নির্দয়ভাবে পেটায়
ময়নাতদন্তের আগে শাহবাগ থানার উপপরিদর্শক মো. আব্দুল গাফ্ফার হিমেল সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে বলা হয়, আশুলিয়ার আউকপাড়ায় নিজ কারখানার সামনে “দুর্বৃত্তদের” হামলায় আহত হন সেলিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
সেলিমের বাবা আব্দুর রহিম আগে ফার্নিচারে বার্নিশের কাজ করতেন। তবে হৃদ্রোগের সমস্যার কারণে এখন আর কাজ করতে পারেন না। তার মা সেলিনা খাতুন একটি পোশাক কারখানায় কাজ করেন। বড় বোন ফারজানা বিবাহিত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফারজানা বলেন, বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে মা ও ভাই দুজনই কাজ করতেন। ভাইয়ের মৃত্যুতে এখন তাদের সংসার কীভাবে চলবে, তা বুঝতে পারছেন না তারা।
ছেলের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করে আব্দুর রহিম বলেন, ‘আমরা ছেলের হত্যাকারীদের বিচার চাই। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।’
