‘আজ বাড়িতে গুলি, কাল শরীরে’ ২০ লাখ টাকা চাঁদার জন্য ব্যবসায়ীর বাড়িতে শিবির সাজ্জাদ গ্যাংয়ের হামলা-হুমকি

‘আজ বাড়িতে গুলি, কাল শরীরে’ ২০ লাখ টাকা চাঁদার জন্য ব্যবসায়ীর বাড়িতে শিবির সাজ্জাদ গ্যাংয়ের হামলা-হুমকি
শেয়ার করুন

❐ চট্টগ্রাম ব্যুরো


২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। শুধু তা-ই নয়, হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি তারা; বরং ভুক্তভোগী বাড়িটির মালিককে মুঠোফোনে কল করে আরও ভয়ঙ্কর হুমকি দিয়ে বলেছে, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব, কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’

চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

১৫ই নভেম্বর, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার জাফর আহমদের বাড়িতে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাফর আহমদ জানান, বিদেশে চিকিৎসা নেওয়ার সময় প্রায় ১০ মাস আগে শীর্ষ সন্ত্রাসী রায়হান তাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। এরপর কিছুদিন চুপ থাকলেও গত গত ১২ই নভেম্বর, বুধবার রায়হান আবারও তাকে ফোন করে চাঁদার জন্য চাপ ও হুমকি দেন।

শিবির সাজ্জাদ

এরই জেরে রোববার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে জাফর আহমদের ঘর লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘরের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। তবে সৌভাগ্যবশত ওই সময় কক্ষটিতে পরিবারের কেউ না থাকায় হতাহতের বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

গুলির শব্দ পাওয়ার পরপরই রায়হান মোবাইল ফোনে কল করে জাফর আহমদকে প্রাণনাশের ওই হুমকি দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহদ্দারহাটে ছাত্রলীগের ৮ কর্মী হত্যার প্রধান অভিযুক্ত বিদেশে পলাতক শিবির কর্মী শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর অন্যতম প্রধান সহযোগী এই রায়হান। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের মতো গুরুতর অপরাধে তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তিনি নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। চাঁদার টাকা না পেলে তার সহযোগীদের দিয়ে প্রকাশ্যেই গুলি বা হামলা করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শীর্ষ সন্ত্রাসী রায়হান, বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন মূখ্য ভূমিকায়

তবে সাম্প্রতিক সময়ে রায়হানের নাম ভাঙিয়ে কিছু ছিঁচকে সন্ত্রাসীও মাঠে নেমেছে বলে একটি সূত্র দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, রায়হান দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে জড়িত থাকায় এবং পাহাড়ঘেঁষা বায়েজিদ এলাকার অলিগলি ও পথঘাট ভালোমতো চেনার কারণে নিজের অবস্থান বারবার গোপন রেখে পার পেয়ে যাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন সোমবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী বাড়ির মালিক জাফর আহমদকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে।’

পুলিশের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে এমন সশস্ত্র চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

পুলিশের দাবি পলাতক, বিএনপির প্রচারণার মঞ্চে সক্রিয় ৮ খুনের আসামি শীর্ষ সন্ত্রাসী রায়হান

চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে শিবির সাজ্জাদের অনুসারীদের গুলি

Visited 1 times, 1 visit(s) today