নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে আয়োজিত বৃক্ষমেলায় ককটেল নিক্ষেপের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে মো. জুয়েল নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহত জুয়েলের আত্মীয় শাকিল বেপারী জানান, গত ১৫ই মে থেকে যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল, যেখানে তারা একটি স্টল নিয়ে অংশ নেন। মেলায় অবস্থানকালে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে বিস্ফোরিত হয়। এতে জুয়েল, সোহানসহ আরও ৬-৭ আহত হন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জুয়েলের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কেউ ককটেলটি ছুড়ে মেলাস্থলে ফেলতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
