১৯ বছরের অধ্যায় শেষ, আইপিএল থেকে অবসর নিয়ে নতুন ভূমিকায় ধোনি

১৯ বছরের অধ্যায় শেষ, আইপিএল থেকে অবসর নিয়ে নতুন ভূমিকায় ধোনি
শেয়ার করুন

প্রতি মৌসুম এলেই জল্পনা চলত—এবার কি তবে থামছেন? বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে হলুদ জার্সিতে মাঠে নেমে সব জল্পনা উড়িয়ে দিতেন মহেন্দ্র সিং ধোনি। তবে এবার সত্যিই ফুরাল অপেক্ষা, থামল পথচলা। ৪৫ পেরোনো ভারতীয় এই কিংবদন্তি ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন।

খেলোয়াড় হিসেবে মাঠ ছাড়লেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার আত্মিক বন্ধন অটুটই থাকছে। আসন্ন ২০২৭ আইপিএলে প্রিয় দলটির ‘মেন্টর’ হিসেবে ডাগআউটে দেখা যাবে ভারতের সাবেক এই অধিনায়ককে।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে ২০২৭ আইপিএলের নিলাম। এর আগে ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ সময় ফুরানোর ঠিক তিন ঘণ্টা আগে মঙ্গলবার এক ঘোষণায় ধোনির অবসর ও নতুন দায়িত্বের কথা জানায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

চেন্নাই আর ধোনি যেন একে অপরের সমার্থক। দলটির মালিক এন শ্রীনিবাসনের বিবৃতিতেও ফুটে উঠেছে সেই আবেগ, ‘এমএস ধোনিকে ছাড়া সিএসকে কল্পনাও করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় আর সব চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমরা পাশাপাশি হেঁটেছি, বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা মজবুত হওয়ার পেছনে কারণ একটিই—আমরা কখনো কারও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এই যাত্রাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে আইপিএলের প্রথম নিলামে ধোনিকে দলে ভেড়ানোর স্মৃতিচারণ করে শ্রীনিবাসন যোগ করেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতেই হবে… সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তার সব অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে তিনি যেমন, সে কারণেই। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এটিই সবসময় তার ঘর।’

টানা তিন আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর ২০২৭ মৌসুম সামনে রেখে কোচিং স্টাফে খোলনলচে বদলে ফেলেছে চেন্নাই। নতুন এই কোচিং প্যানেলে প্রধান কোচ জহির খানের সঙ্গে জুটি বাঁধবেন ধোনি। এছাড়া সহকারী কোচ হিসেবে অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম, বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জেমস ফস্টার।

২০০৮ সালে আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন ধোনি। তার ক্ষুরধার নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা ঘরে তোলে চেন্নাই। এর পাশাপাশি ২০১০ ও ২০১৪ সালে জিতেছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। আইপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া এবং একই বছরে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল কীর্তিও গড়েছে তার দল।

আইপিএলের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতেই চেন্নাইয়ের জার্সিতে মাঠ মাতিয়েছেন ধোনি। কেবল ফ্র্যাঞ্চাইজিটি দুই মৌসুম নিষিদ্ধ থাকায় ২০১৬ ও ২০১৭ সালে খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে আইপিএলের সোনালি অধ্যায়ের ইতি টানলেন এই উইকেটকিপার-ব্যাটার।

 

Visited 1 times, 1 visit(s) today