গোপালগঞ্জে আওয়ামীলীগ দমনে তিন শতাধিক সদস্যের বিশেষ অভিযান, গ্রেপ্তারের লক্ষ্য কমপক্ষে ১৪ জন, সারারাতে শেষপর্যন্ত গ্রেপ্তার মাত্র ৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ দমনে তিন শতাধিক সদস্যের বিশেষ অভিযান, গ্রেপ্তারের লক্ষ্য কমপক্ষে ১৪ জন, সারারাতে শেষপর্যন্ত গ্রেপ্তার মাত্র ৪
শেয়ার করুন

গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২৬।


গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে তিন শতাধিক সদস্যের সমন্বয়ে বড় ধরনের বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। জেলার ১৫টিরও বেশি স্থানে একযোগে পাঁচ ঘণ্টার অভিযানে ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র চারজন। অভিযানে অংশ নেন মোট ৩১৫ জন সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জের সব থানায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চারটি যৌথ বাহিনীর দল এ অভিযানে অংশ নেয়। প্রতিটি দলে ৪৫ জন করে সদস্য ছিলেন। রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন জনবল অভিযানে নিয়োজিত ছিলেন। জেলার ১৫টির বেশি স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিতে ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে।

অন্যদিকে, অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

মুকসুদপুর উপজেলা থেকে গ্রেপ্তার শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযানকালে গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্য নিয়ে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর পাঁচ ঘণ্টার এ বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তারের ঘটনা গোপালগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা ও নেতাকর্মীদের অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে। তবে অভিযানের বাইরে থাকা ব্যক্তিরা কোথায় অবস্থান করছেন বা তাদের গ্রেপ্তারে পরবর্তী কোনো অভিযান পরিচালিত হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Visited 1 times, 2 visit(s) today