মেহেরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশের দোকানে ডাকাতি

মেহেরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশের দোকানে ডাকাতি
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি বিকাশ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় দোকান মালিক নাহিদ হাসান গুরুতর আহত হয়েছেন।

২রা জানুয়ারি, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা বিকাশ দোকানদারের প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

আহত নাহিদ হাসান তেরোঘরিয়া গ্রামের বেগা শেখের ছেলে। তিনি সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে মোবাইল টাওয়ারসংলগ্ন এলাকায় অবস্থিত ‘এমএস টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স’ নামে একটি বিকাশ ও ইলেকট্রনিক্স দোকান পরিচালনা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে দোকান বন্ধ করার সময় দেশীয় অস্ত্র হাতে তিন চারজন ডাকাত দোকানে ঢুকে নাহিদ হাসানকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা দোকানের বেচাকেনার নগদ টাকা ও বিকাশ লেনদেনের প্রায় ২ লাখ টাকা তার কাছে থাকা ব্যাগ থেকে ছিনিয়ে নেয়। এসময় তিনি বাধা দিতে গেলে ডাকাতরা নাহিদ হাসানকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। যাওয়ার সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত নাহিদ হাসান জানান, প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করছিলেন। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। প্রতিরোধ করতে গেলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তার হাতে আঘাত লাগে। পরে তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের ছোড়া ককটেলের আঘাতে বিকাশ দোকান মালিক আহত হয়েছেন এবং তার কাছ থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Visited 5 times, 1 visit(s) today