বিএনপিকে থামানোর চেষ্টা ‘ধ্বংস ডেকে আনবে’: আমীর খসরুর হুঁশিয়ারি

বিএনপিকে থামানোর চেষ্টা ‘ধ্বংস ডেকে আনবে’: আমীর খসরুর হুঁশিয়ারি
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

চট্টগ্রামে যুবদলের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, বিএনপিকে থামানোর চেষ্টা করলে তা ‘ধ্বংস’ ডেকে আনবে। তিনি বলেন, “আবারও বলছি, বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না।”

শনিবার বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে যুবদলের আয়োজনে এক সমাবেশে বক্তব্য দেন তিনি। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণে যুবদল এই কর্মসূচির আয়োজন করে, যেখানে সমাবেশ শেষে বিপ্লব উদ্যান থেকে কালুরঘাট অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, “বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার ও সংসদ দেখতে চায়। এটিকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। বিএনপি এর জন্য অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছে, ভবিষ্যতেও ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত।”

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “যারা বিএনপিকে থামানোর চেষ্টা করেছে, তারাই ধ্বংস হয়েছে। বিএনপি আজো আছে, কিন্তু যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তারা আজ কোথায়?”

তিনি আরও যোগ করেন, “গত ১৫ বছরের আওয়ামী শাসনে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু এই সংগ্রাম আমাদের আরও শক্তিশালী করেছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।”

দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে উল্লেখ করেন তিনি। “কেউ বলে দিতে পারবে না, আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কী হবে। এ সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ। এটি অন্য কারও সিদ্ধান্ত দেওয়ার জায়গা নয়।”

আমীর খসরু বলেন, “যদি গণতন্ত্র অব্যাহত থাকত, জনগণের অধিকার নিশ্চিত করা হতো, তাহলে এ দেশের জন্য এমন দুর্ভাগ্য নেমে আসত না।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশের আগে বিপ্লব উদ্যানে রংতুলিতে আঁকা ‘স্বাধীনতার ঘোষণা’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

Visited 49 times, 1 visit(s) today