❐ নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
আজ ৫ই মার্চ, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে অগ্রাধিকার দিতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশনসহ সব দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও সাশ্রয়ী আচরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী—
- দিনে পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা, দরজা বা ব্লাইন্ড খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
- বিদ্যমান আলোর অন্তত অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে।
- অফিস চলাকালে প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা যাবে না।
- এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
- কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
- করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে হবে।
- বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে।
- অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ নিশ্চিত করতে হবে।
- সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে।
- সরকারি গাড়ির ব্যবহার সীমিত রাখতে হবে।
- জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল হতে হবে।
চিঠিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন কার্যালয়ে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
