আইন-বিচার জনতার হাতে: ছিনতাইকারীকে হাতেনাতে ধরে কব্জি কর্তন

আইন-বিচার জনতার হাতে: ছিনতাইকারীকে হাতেনাতে ধরে কব্জি কর্তন
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনির পর হাতের কব্জি কেটে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

ঘটনাটি ঘটেছে গতকাল ৪ঠা মার্চ, বুধবার রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায়।

কব্জি কেটে দেওয়া ছিনতাইকারীর নাম মাইন উদ্দিন। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর সাতাইশ এলাকায় মাইন উদ্দিনসহ তিন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করছিলেন। তারা এক পথচারীকে অস্ত্র দিয়ে জখম করেন।

এসময় আহতাবস্থাতেই ভুক্তভোগী সেই পথচারী ছিনতাইকারী মাইন উদ্দিনকে জাপটে ধরে চিৎকার দেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে একজনকে ধরলেও বাকি দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা মাইনকে মারধর করে একহাতের কব্জি কেটে দেন।

এদিকে এভাবে আইন ও বিচারের ভার জনতা নিজেদের হাতে তুলে নেওয়ার ঘট্নায় উদ্বেগ জানিয়েছেন সচেতন মহল। তবে এর পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘নিষ্ক্রিয়তা’ দায়ী বলে মনে করেন তারা।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আহত ছিনতাইকারী পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Visited 18 times, 1 visit(s) today