জাতীয় সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

জাতীয় সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


জাতীয় সংসদ ভবনের মতো অত্যন্ত সংরক্ষিত এলাকার ঠিক সামনেই এক মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী শিক্ষক। বগুড়া থেকে চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে ছিনতাইকারীর নৃশংসতার শিকার হতে হলো তাকে।

আজ ২৯শে আগস্ট, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার ‘বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার পরামর্শ নিতে শনিবার ভোরে বাসযোগে বগুড়া থেকে গাবতলী বাস টার্মিনালে পৌঁছান রনজিনা পারভীন। সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ‘ইসলামিয়া চক্ষু হাসপাতালে’ যাওয়ার উদ্দেশে রওনা হন তিনি।

সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা এক ছিনতাইকারী তার হাতব্যাগ ধরে সজোরে ‘হেঁচকা টান’ দেয়। এ সময় ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় আছড়ে পড়েন শিক্ষিকা রনজিনা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে মাথা ফেটে যায়।

ঘটনার পর স্থানীয় পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলতে রাজি হননি।

রাজধানীর এমন গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনার পর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও অপরাধে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই ঘাতক ছিনতাইকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে পুলিশ প্রশাসন।

Visited 1 times, 1 visit(s) today