❐ ক্যাম্পাস প্রতিনিধি
খুলনায় আজমল নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আজমল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতালের কর্তব্যরত ওয়ার্ডবয়ের তথ্য অনুযায়ী, তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছিলেন, চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল।
তাদের ভাষ্য ছিল, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চারতলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে আজমল লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা শুরু হলেও প্রায় ১০ মিনিটের মধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে আজমলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ায় তার মৃত্যুর ঘটনাটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার হাত ও পায়ে বিভিন্ন ধরনের দাগ ছিল। এছাড়া তার মাথার চুল কেটে দেওয়া হয়েছিল।
এসব আলামতের কারণে আজমলকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তার শরীরে থাকা আঘাতগুলো কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হাসপাতালে ভর্তির সময় তার পরিচয় হিসেবে নাম আজমল, বাবার নাম কুতুব এবং ঠিকানা গল্লামারি, হরিণটানা, খুলনা উল্লেখ করা হয়।
