❐ নিজস্ব প্রতিবেদক
মেসে আগে থেকে না জানিয়ে খাবার খাওয়াকে কেন্দ্র করে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। মো. আজমল হোসেন (২২) নামের ওই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজমল হোসেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনার বড় সলুয়া গ্রামে। তার বাবা মো. কুতুব উদ্দিন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে খুলনার ইসলাম নগর এলাকার আকিবের বাড়িতে ভাড়া দেওয়া একটি মেসে ছিলেন আজমল। ওই মেসেই থাকতেন তিনি।
মেসের নিয়ম অনুযায়ী, কোনো বেলায় খাবার খেতে হলে প্রায় দুই ঘণ্টা আগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জানাতে হয়। কিন্তু শুক্রবার রাতের খাবার খাওয়ার আগে আজমল বিষয়টি নিশ্চিত করেননি। পরে তিনি অন্য একজনের জন্য রাখা ভাত খেয়ে ফেলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে মেসের অন্য সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ বাধে বলে অভিযোগ।
প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আজমলকে পাঁচতলা ভবনের ছাদে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। এরপর তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজমলের বাবা জানান, রাত ৯টার দিকে মেস থেকে তার ছেলে ফোন করে জানায়, কাউকে না জানিয়ে ভাত খাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগও তোলা হয়েছে। পরে মেসের কয়েকজনের সঙ্গে তাকে ফোনে কথা বলিয়ে দেওয়া হয়।
এ সময় তার কাছে ১ লাখ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন আজমলের বাবা।
বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি মেসের লোকজনকে শান্ত করার চেষ্টা করেন বলে জানান।
মেসের খালা জানান, তিনি রান্না করে খাবার দিয়ে আসতেন এবং মেসের সবাই সেই খাবার খেতেন। তার ভাষ্য, সেদিন আজমল কাউকে না জানিয়েই খাবার খেয়েছিলেন। পরে সবাই তাকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি স্বীকার করেন।
কেন আজমলকে মারধর করা হয়েছিল—এ বিষয়ে মেসের ওই খালা বলেন, ভাত চুরি, টাকা চুরি, মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন।
ঘটনার বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থলে তদন্ত করে পিটিয়ে মারার সত্যতা পাওয়া গেছে। ছাদে মারধরের কাজে ব্যবহৃত লাঠি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আজমলের বাবার কাছে ফোন করে টাকা দাবি করা হয়েছিল—এ বিষয়ে তদন্তের জন্য ফোনের সিডিআর আবেদন করা হয়েছে। পুরো ঘটনা তদন্তের পরই এর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আজমল হোসেনের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
