❐ নিজস্ব প্রতিবেদক
নওগাঁর আত্রাই ও রানীনগর স্টেশনের মাঝামাঝি শাহাগোলা নামক স্থানে রেল লাইনে বোমাসদৃশ বস্তু পাওয়া যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ অচল হয়ে পড়েছে।
আজ ১৯শে সেপ্টেম্বর, রাত ৯টার দিকে রেল কর্তৃপক্ষকে অজ্ঞাত ব্যক্তি ফোন করে সেখানে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়েছেন বলে জানান। পরে স্থানীয় স্টেশন থেকে রেল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের সাথে আড়াআড়িভাবে লক করা কয়েকটি বোমা দেখতে পান।
এ ঘটনার পর উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন জেলার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি পাওয়া যায়নি।
রানীনগর স্টেশন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, আপাতত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
এদিকে রেল লাইনে বোমা লাগানো হয়েছে খবর পেয়ে আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
