নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা পিকআপটিতে আগুন লাগে।বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী।
তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। একই সময়ে মিরপুর-১ এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগলে স্থানীয়রা নেভান। উভয় ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে গতকাল শুক্রবার জুমার পর থেকে গভীর রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটে।
এসব ঘটনার পর ডিএমপি নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
