❐ নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে গ্রেপ্তারকৃত এক আওয়ামী লীগ নেতাকে প্রিজন ভ্যানে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক বৃদ্ধাসহ তার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ৩০শে আগস্ট, রোববার দুপুরে থানা চত্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীর মরকুন এলাকার মো. মাহদী হাসান (২৬), হারুনর রশীদ (৩৪), জহুরা বেগম (৫৮), শারমিন সুলতানা (৩৭) এবং শাহিদা আক্তার (৩৬)। তারা সবাই গ্রেপ্তারকৃত নেতার স্বজন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল মতিনকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য থানা প্রাঙ্গণে প্রিজন ভ্যানে তোলার প্রস্তুতি চলছিল। এ সময় আব্দুল মতিনের স্বজন ও সমর্থকেরা প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ বলে স্লোগান দিতে শুরু করেন।
থানা প্রাঙ্গণে তাৎক্ষণিকভাবে এই স্লোগান ওঠায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ওই পাঁচজনকে আটক করে।
পরবর্তীতে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় আটক পাঁচজনসহ দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, থানা প্রাঙ্গণের নিরাপত্তা ও আইনি পরিবেশ বিঘ্নিত করে ভেতরে এ ধরনের স্লোগান দেওয়া সম্পূর্ণ বেআইনি। শৃঙ্খলা বজায় রাখতেই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
