❐ জেলা প্রতিনিধি
গাজীপুর-২ আসনের (টঙ্গী) বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণাকালে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত ২৫ কর্মী- সমর্থক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত ১৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এ ঘটনায় জামায়াতের বিরুদ্ধে নাশকতার গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপির স্থানীয় নেতারা।
আজ ৯ই ফেব্রুয়ারি, সোমবার বিকেল প্রায় ৪টার দিকে টঙ্গী বাজারের মেইন রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি বিএনপির কর্মী-সমর্থকরা হলেন— অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা যুবদল কর্মী মো. ইব্রাহিম বলেন, বিকেলে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিমের প্রচারণা চলছিল। এ সময় অতর্কিতে একটি ঘরে সংরক্ষিত বেশ কয়েকটি গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে দলের অন্তত ২৫ জন কর্মী দগ্ধ হন। কয়েকজনকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হলেও বাকিদের উদ্ধার করে বার্ন হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা গেছে, বিএনপির সমাবেশের জন্য টঙ্গীবাজারের একটি রুমে গ্যাস বেলুনগুলো রাখা হয়েছিল। সমাবেশ শুরুর আগে সেগুলো বের করতে সেখানে যায় কয়েকজন। রুম থেকে বের করার সময় বিস্ফোরণ ঘটে।
এ ঘটনা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। স্থানীয় বিএনপির অপর নেতারা এ ঘটনাকে নাশকতা আখ্যা দিয়ে এর সাথে জামায়াত ও শিবিরের সন্ত্রাসীদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন। বিএনপিকে নির্বাচন থেকে হটাতে নাশকতার পরিকল্পনা চলছে বলে দাবি তাদের।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং ও চিকিৎসা চলছে। এ কারণে এখনই দগ্ধের মাত্রা সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।
বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
