সংবাদ প্রতিবেদন
পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আরও এক হাজার কোটি টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হবে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা বা এনজিওগুলোর মাধ্যমে এই অর্থ মাঠপর্যায়ে পৌঁছাবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) নির্ধারিত ২২ থেকে ২৭ শতাংশের মধ্যে। আর এনজিও পর্যায়ে সুদহার নির্ধারিত হবে ব্যাংক ও সংশ্লিষ্ট এনজিওর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।
এই ঋণের গ্যারান্টি দেবে সরকারি সংস্থা পিকেএসএফ। গ্যারান্টার হিসেবে নির্ধারিত হারে ঝুঁকি সুদ পাবে প্রতিষ্ঠানটি। এ উদ্দেশ্যে পিকেএসএফ বাস্তবায়নাধীন ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)’–এর আওতায় যমুনা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এনসিসি ব্যাংকের সঙ্গে পৃথক পাঁচটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি সই হয়েছে।
২৬শে জানুয়ারি, রোববার রাজধানীর শেরেবাংলানগরের আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন–১ এ আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকগুলোর পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
তাদের মধ্যে ছিলেন- ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ অপারেটিং অফিসার হেইলি আলগেওয়াট্টে, যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এনসিসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন।
এর আগে ২০২৫ সালের ২৪শে মে আনুষ্ঠানিকভাবে সিইএস কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই দিনে পিকেএসএফের সঙ্গে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিআইসিও)–এর মোট ৩ হাজার ১৫০ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি চুক্তি সই হয়।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় রূপান্তরের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্য বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত করতেই ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম চালু করা হয়েছে।
স্কিমটির আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো মাঠপর্যায়ে উপযুক্ত গ্রাহকদের মধ্যে তা বিতরণ করবে। একই সঙ্গে ব্যাংক পর্যায়ে ঋণের ঝুঁকির গ্যারান্টি প্রদান করবে পিকেএসএফ।
অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগ খাতের সম্প্রসারণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তহবিল সংকট দূর করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক ও কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে সিইএস বাস্তবায়ন করছে পিকেএসএফ।
এর মাধ্যমে পিকেএসএফের সহযোগী ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে তুলনামূলকভাবে ছোট সংস্থাগুলোতে ব্যাংক ঋণের প্রবাহ বাড়ছে। ফলে দেশের দরিদ্র ও ভৌগোলিকভাবে অনগ্রসর অঞ্চলের জনগোষ্ঠীর কাছে তহবিলের ন্যায্য ও সমতাভিত্তিক বণ্টন নিশ্চিত হচ্ছে।
