‘আওয়ামী লীগ কেন, যে কেউ এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে’: জামায়াতকে ইঙ্গিত খসরুর?

‘আওয়ামী লীগ কেন, যে কেউ এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে’: জামায়াতকে ইঙ্গিত খসরুর?
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো শুধু আওয়ামী লীগ নয়, “যে কেউ ঘটাতে পারে।”

বুধবার সকালে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

খসরু বলেন, “আওয়ামী লীগ নির্বাচনের রেইসেও নেই, তাদের কার্যক্রম স্থগিত। এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ কেন, যে কেউ ঘটাতে পারে।”

বিএনপির অন্যতম নীতি-নির্ধারক এ নেতার মন্তব্য ‘জামায়াত’কে লক্ষ্য করে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

খসরু আরও বলেন, “কারা করছে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড— সেটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। সরকার চাইলে খুব সহজেই এর পেছনের মূল সূত্রগুলো বের করা সম্ভব।”

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে গত কয়েকদিনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

বিএনপি নেতা খসরু জানান, নির্বাচনের আগে কেউ যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রক্রিয়া ব্যাহত করতে না পারে, সরকারকে আরও সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, “আমরা আশা করি, সরকার এই বিষয়ে আরও সচেষ্ট থাকবে। সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”

আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে। সেই দিনই আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করবে।

নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক বলেন, রাজনৈতিক অঙ্গনে এসব ঘটনার দায় কার— তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। বিশেষ করে বিএনপি ধীরে ধীরে জামায়াতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সামনে আনার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে, খসরুর মন্তব্য স্পষ্ট করছে, সাম্প্রতিক সহিংস ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করার প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং এটি রাজনৈতিক প্রতিপক্ষের কার্যক্রম হতে পারে।

Visited 10 times, 1 visit(s) today