নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা দাবি করে “প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ” (পুসাব)-এর ফেসবুক পোস্টকে গুজব হিসেবে চিহিৃত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ডিটেক্টর বাংলাদেশ।
পুলিশের প্রাথমিক তদন্তেও দেখা গিয়েছে ‘যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে’, এ ঘটনাটির সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নেই।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পুসাবসহ কয়েকটি পেজে পোস্ট দেওয়া হয়, “সকালে উত্তরায় বাসে আগুন, রাতে গাজীপুরে ৩টি বাসে আগুন, মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ— শহরজুড়ে সন্ত্রাস করছে আওয়ামী লীগ।”
তবে ফ্যাক্ট ডিটেক্টর বাংলাদেশের অনুসন্ধানে জানা যায়, উত্তরায় পার্টেক্স গ্রুপের একটি মাইক্রোবাসে আগুন ধরে ইঞ্জিনের ত্রুটির কারণে। একই সময় রমনা থানার সামনে পুলিশের গাড়িতেও আগুন লাগে ইঞ্জিনের অতিরিক্ত তাপে। কোনো জায়গাতেই দুর্বৃত্তদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
এয়ারপোর্ট থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, “গাড়ির ইঞ্জিন হঠাৎ করে অতিরিক্ত গরম হয়ে যায়। আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এটি কোনো নাশকতা নয়।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমও নিশ্চিত করেছেন, “রমনা থানার সামনের গাড়িতে আগুন লাগার ঘটনাতেও নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি যান্ত্রিক ত্রুটি বলেই মনে হচ্ছে।”
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পুসাবের পোস্টসহ কয়েকটি ভুয়া পেজ থেকে ছড়ানো তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। এসব অ্যাকাউন্ট শনাক্তে সাইবার ইউনিট কাজ শুরু করেছে।
ফ্যাক্ট ডিটেক্টর বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে, “উত্তরায় আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ঘটনাটি সম্পূর্ণভাবে যান্ত্রিক ত্রুটিজনিত।”

