বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সাংসদ আওয়ামী লীগ নেত্রী কণিকা বিশ্বাস আর নেই

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সাংসদ আওয়ামী লীগ নেত্রী কণিকা বিশ্বাস আর নেই
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

আওয়ামী লীগের প্রথম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য কণিকা বিশ্বাস ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ২৯শে অক্টোবর, বুধবার রাতে কলকাতার সল্টলেকের মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কণিকা বিশ্বাসের আত্মীয় ও চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কণিকা বিশ্বাস বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় এক নারী সংগঠক এবং আওয়ামী রাজনীতির এক নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মহিলা আসন-১১ থেকে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনীত হন।

তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম—প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী রাজনীতির প্রগতিশীল ধারা ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে দেশে-বিদেশে কাজ করেছেন।

১৯৮৫ সালে কণিকা বিশ্বাসের স্বামী বীরেন রাজ বিশ্বাস মৃত্যুবরণ করেন। এরপর তিনি কিছু সময় বাংলাদেশে রাজনীতি চালিয়ে গেলেও পারিবারিক কারণে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

কণিকা বিশ্বাসের মৃত্যু বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের প্রগতিশীল আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল। তার রাজনৈতিক ও মানবিক অবদানের জন্য তাকে সর্বদা স্মরণ করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

Visited 37 times, 1 visit(s) today