নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ৭২ ঘণ্টার মধ্যে এই অর্থ পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।
গতকাল ১৯শে সেপ্টেম্বর, শুক্রবার রাত প্রায় ১১টার দিকে বাপ্পির বাবা মো. লাভলু গাজীকে কল করে ছেলের প্রাণনাশের এই হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বৈছার সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি আজ ২০শে সেপ্টেম্বর, শনিবার মহানগরীর খানজাহান আলী থানায় একটি জিডি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত ব্যক্তি তার বাবাকে হোয়াটসআপে +60 10-712 5217 নম্বর থেকে কল দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছে দিতে বলেছে। অন্যথায় ৭২ ঘণ্টা পর ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এ সময় ওই দুর্বৃত্ত আরিফ এবং মাহাবুবের মতো করে একই কায়দায় তাকে হত্যা করবে বলে হুমকিও দেন। পরিচয় জানতে চাইলে তারা তাদের কোনো পরিচয় দেয়নি বলে জানানো হয় জিডিতে।
এ ব্যাপারে বাপ্পির সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বগের কথা জানান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, বৈছা নেতা বাপ্পির প্রাণনাশের হুমকিদাতা ব্যক্তির পরিচয় তথ্য-প্রযুক্তির সাহায্যে শনাক্ত করতে চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
