ঢাকায় স্কুলছাত্রী ও গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকায় স্কুলছাত্রী ও গৃহবধূর মরদেহ উদ্ধার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

পৃথক দুটি ঘটনায় রাজধানীর ডেমরা থেকে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২০শে সেপ্টেম্বর, শনিবার বিকেলের দিকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃতরা হলেন- স্কুলছাত্রী লামিয়া আক্তার (১৫) ও গৃহবধূ আয়েশা আক্তার নিপা (৩০)।

জানা গেছে, স্কুলছাত্রী লামিয়ার বাড়ি বরিশালের বানারীপাড়া থানার আউয়ার খানবাড়ি এলাকায়। তিনি মো. মনির হোসেনের কন্যা। সপরিবারে ডেমরার বামৈল পূর্বপাড়া এলাকার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত সে।

অন্যদিকে, গৃহবধূ আয়েশা আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের খোকন মিয়ার কন্য। ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় থাকতেন তিনি।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, বিকেলে খবর পেয়ে ডেমরার বামৈল পূর্বপাড়ার বাসা থেকে স্কুলছাত্রী লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান এলাকার এক ছেলের সঙ্গে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে বিয়ে না দেওয়ায় লামিয়া ফ্যানের সঙ্গে নিজ ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈই জানান, বিকেলে খবর পেয়ে ডেমরার সারুলিয়ার বাসা থেকে গৃহবধূ আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান আয়েশার স্বামী রাশেদ সৌদি প্রবাসী। ১২ বছর আগে তাদের বিয়ে হয়। এক যুগেও তাদের সন্তান ছিল না। এ নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন আয়েশা। শনিবার ডেমরায় বাবার বাসায় গলায় ফাঁস দেন তিনি।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আয়েশার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Visited 5 times, 1 visit(s) today