চট্টগ্রামে প্রকাশ্যেই ফ্লাইওভার থেকে স্টিল রেলিং আর বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

চট্টগ্রামে প্রকাশ্যেই ফ্লাইওভার থেকে স্টিল রেলিং আর বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা
শেয়ার করুন

এক বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ নেই, চুরি হচ্ছে নাট-বোল্ট, নিরাপত্তা বেষ্টনী ও বৈদ্যুতিক সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত উড়াল সড়ক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার বর্তমানে মারাত্মক অব্যবস্থাপনা ও অনিরাপত্তার মুখে পড়েছে। দীর্ঘ এক বছর ধরে ফ্লাইওভারটির কোনো রক্ষণাবেক্ষণ কাজ না হওয়ায়, দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে স্টিল গার্ডার থেকে নাট-বোল্ট খুলে নিচ্ছে। এমনকি সৌন্দর্যবর্ধনের জন্য বসানো নিরাপত্তা বেষ্টনী, বৈদ্যুতিক বাতি ও গাছপালা পর্যন্ত লুটপাট হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সময় ৭ বছর আগে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ফ্লাইওভারটি নির্মাণ করে। প্রতিদিন গড়ে ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করে ফ্লাইওভারটিতে। তবে সিডিএর গাইডলাইনে থাকা বার্ষিক পরিদর্শন এবং মেরামতের প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই অনুসরণ করছে না রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সর্বশেষ সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ২ নম্বর গেটের বায়েজিদ বোস্তামী সড়ক থেকে জিইসি মোড় পর্যন্ত ফ্লাইওভারের ২৯টি স্টিল গার্ডারের অনেকগুলো থেকে নাট-বোল্ট চুরি হয়ে গেছে। এছাড়া ফ্লাইওভারের নিচের অংশে গড়ে ওঠা সবুজ বেষ্টনির নিরাপত্তা গ্রিল খুলে নিয়ে যাচ্ছে মাদকসেবী ও ভাসমান লোকজন। ফ্লাইওভারের নিচে লাগানো গাছপালা শুকিয়ে মরে যাচ্ছে। ভাঙচুর করা হয়েছে টাইলস, বিদ্যুতের পোল ও পানির ঝরনা।

ফুটপাতের এক দোকানি ইব্রাহিম খলিল বলেন, “মাদকসেবী ভাসমান কিশোর ও যুবকরা নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে যাচ্ছে। কেউ বাধা দিলে দল বেঁধে তেড়ে আসে। কয়েক দিন আগে নাট-বোল্ট খোলার শব্দ পেয়ে লোকজন জড়ো হয়ে তাদের তাড়িয়েছে।”

২০১৯ সালের ডিসেম্বরে সিডিএ ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ দায়িত্ব হস্তান্তর করে চসিকের কাছে। ফ্লাইওভারের স্টিল গার্ডার, বেষ্টনী, বাতি ও গাছপালার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে ট্রেড ম্যাক্স নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের চুক্তিও করে চসিক। কিন্তু গত বছর রাজনৈতিক পট পরিবর্তন ও আইনি জটিলতায় সে চুক্তি বাতিল করা হলে, কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে আছে পুরো অবকাঠামোটি।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, “গার্ডারের নাট-বোল্ট খুলে নেওয়া হলে অবশ্যই ঝুঁকি তৈরি হয়েছে। গাইডলাইন অনুযায়ী প্রতি বছর পরিদর্শন ও মেরামত প্রয়োজন। শিপ বিল্ডিং কোম্পানিগুলোকে দায়িত্ব দিলেও তারা পরীক্ষা করে মেরামত করে দিতে পারে।”

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে বসে পড়া বিএনপি নেতা শাহাদাত হোসেন বলেন, “মাদকসেবীরা ফ্লাইওভারের নাট-বোল্ট ও গ্রিল চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলা হবে।”

চসিক সূত্রে জানা গেছে, নাট-বোল্ট চুরির ঘটনায় তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছরের ৫ই আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতের একটি রায় নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র পদে বসে পড়েন বিএনপি নেতা শাহাদাত হোসেন। তিনি দায়িত্ব নিয়ে ২০২৫ সালের ২রা ফেব্রুয়ারি ট্রেড ম্যাক্সের সঙ্গে চুক্তি বাতিল করেন। মেয়াদ শেষ হওয়ার আগে ইজারার নোটিশ ও চুক্তি বাতিল করায় উচ্চ আদালতে রিট করে ট্রেড ম্যাক্স। আদালত প্রথমে তিন মাস ও পরে ছয় মাসের স্থগিতাদেশ দেন।

গত ১৮ জুন সিটি করপোরেশন মেসার্স দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। আইনি জটিলতা তৈরি হওয়ায় এক বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো।

চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, “আদালতের স্থগিতাদেশ ছিল ২৪শে মে পর্যন্ত, আমরা চুক্তি করেছি ১৮ই জুন। এই সময় কোনো স্থগিতাদেশ কার্যকর ছিল না।”

তবে ট্রেড ম্যাক্সের মালিক মোহাম্মদ হেলাল আহমেদ বলেন, “আদালতের স্থগিতাদেশ অমান্য করে নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না।”

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর একবারও ফ্লাইওভারের কোনো নিরীক্ষা করা হয়েছে বলে জানা নেই। প্রকৌশল বিভাগ দেখভাল করে।”

প্রকৌশল বিভাগের প্রধান ফরহাদুল আলম বলেন, “গাইডলাইন অনুযায়ী এবার নিরীক্ষা ও মেরামত করা হবে।”

২০১৭ সালের ১৬ই জুন যান চলাচলের জন্য চালু হওয়া ৪.৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে—ব্যবস্থাপনার অভাব কীভাবে একটি কোটি কোটি টাকার অবকাঠামোকে অনিরাপদ ও অকার্যকর করে তুলছে।সমকাল

Visited 11 times, 1 visit(s) today