ফখরুলের আক্ষেপ: ঘুষের রেট ১ লাখ থেকে বেড়ে ৫ লাখ টাকা হয়েছে

ফখরুলের আক্ষেপ: ঘুষের রেট ১ লাখ থেকে বেড়ে ৫ লাখ টাকা হয়েছে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দেশে সুশাসনের অভাব চরমে পৌঁছেছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আগে যেখানে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন সেখানে দিতে হয় ৫ লাখ টাকা।”

তিনি বলেন, এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর কাছ থেকেই তিনি এ তথ্য পেয়েছেন।

২৬শে জুলাই, শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমান রচিত বই “অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য” প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, “এই দেশে এখন কোথাও কোনো সুশাসন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। রাতারাতি সংস্কার সম্ভব না হলেও গণতান্ত্রিক চর্চা ছাড়া বসে থাকাও চলবে না। তাই কোনো বিলম্ব না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি সংসদে পাঠিয়ে কাঙ্ক্ষিত সংস্কার আনা যায়।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ট্রাম্পের শুল্ক আরোপ আগামী দিনে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করা।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও।

তিনি বলেন, “সুশাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের ক্ষমতার ওপর যথাযথ ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। এটা না থাকলে যত সংস্কারই করা হোক, তাতে কাঙ্ক্ষিত ফল আসবে না। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার প্রয়োজন।”

অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Visited 12 times, 1 visit(s) today