বুদ্ধিজীবী কবরস্থানের সামনে যুবককে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার অভিযোগ

বুদ্ধিজীবী কবরস্থানের সামনে যুবককে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার অভিযোগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটের সামনে ফজলে রাব্বী সুমন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ ২৬শে জুলাই, শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন ভোলা জেলার বড়নদী থানার পোখিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন।

নিহতের বোন তানিয়া আক্তার জানান, শনিবার সকালে সুমন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে তানিয়ার বাসায় বেড়াতে যান। বেলা ১১টার দিকে সুমন বাইরে বের হলে স্থানীয় মুন্না নামে এক যুবক তার কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে মুন্না তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে মুন্না ছুরি দিয়ে সুমনের ডান পায়ে আঘাত করে এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, “সুমন রায়েরবাজার কবরস্থানের পাশে বসে ছিলেন। এ সময় মুন্নাসহ কয়েকজন এসে তাকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Visited 8 times, 1 visit(s) today