ভোক্তা অধিদপ্তরের শুনানিকালে নারীকে মারধর বিএনপি সভাপতির, সরকারি কর্মকর্তা লাঞ্ছিত

ভোক্তা অধিদপ্তরের শুনানিকালে নারীকে মারধর বিএনপি সভাপতির, সরকারি কর্মকর্তা লাঞ্ছিত
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে একটি অভিযোগের শুনানি চলাকালে অভিযোগকারী এক নারী ও সরকারি কর্মকর্তার ওপর হামলা করেন বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনায় জড়িত বিএনপির স্থানীয় শীর্ষ নেতা ও কর্মীসহ ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায়, রাজবাড়ী শহরের বড়পুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, বালিয়াকান্দি উপজেলার গাড়াকোলা গ্রামের বাসিন্দা জেসমিন সুলতানা কয়েক মাস আগে পাংশা উপজেলার এক ব্যবসায়ীর কাছ থেকে টাইলস কিনে প্রতারণার শিকার হন। পরে তিনি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সেই অভিযোগের শুনানিতে দুই পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুনানির একপর্যায়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের নেতৃত্বে কয়েকজন উপস্থিত হয়ে অভিযোগকারী নারী জেসমিন সুলতানাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকেও বেদম মারধর করেন তারা।

এই কর্মকর্তা বলেন, আমি অফিসিয়াল দায়িত্ব পালন করছিলাম। এক নারী ভোক্তার অভিযোগের শুনানি চলছিল। হঠাৎ বিএনপির স্থানীয় নেতারা এসে অভিযোগকারীর ওপর হামলা চালায়। আমি বাধা দিতে গেলে তারাও আমার ওপর হামলা চালায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানাই। খবর পেয়ে সেনা টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্থান্তর করে।

আটককৃতরা হলেন- পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, শেখ পাড়া গ্রামের বাচ্চু বিশ্বাস, নারায়ণপুর গ্রামের ব্যবসায়ী রুহুল আমিন, ভবানীপুর গ্রামের মামুন শিকদার, আব্দুর রাজ্জাকের ছেলে ফরিদ হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর ছেলে শিশির করিম।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকের ওপর হামলার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে, এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর থেকে রাজবাড়ীর প্রশাসনিক মহলে উত্তেজনা বিরাজ করছে। সরকারি অফিসে দায়িত্বপালনরত কর্মকর্তার ওপর প্রকাশ্য হামলা ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের জড়িত থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিএনপি ক্ষমতায় আসার আগেই বেপরোয়া হয়ে ওঠছে বলে মন্তব্য করেছেন তারা।

Visited 5 times, 1 visit(s) today