নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। তার ভাষ্যে, দেশের গণতান্ত্রিক যাত্রা এখনো নানা বাধার সম্মুখীন হলেও সেই পথচলা থেমে থাকবে না।
২৯শে মে, বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়, যেখানে খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য দেন।
ধারণকৃত বার্তায় খালেদা জিয়া বলেন, “প্রতি বছর ৩০শে মে আমাদের জীবনে ফিরে আসে গভীর শোক ও স্মৃতির ভার নিয়ে। এই দিন শুধু আমাদের পারিবারিক বেদনার নয়, বরং পুরো জাতি একজন দূরদর্শী নেতাকে হারিয়ে অভিভাবকহীন হয়েছিল।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের নাম এক অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা ছিল সাহসিকতাপূর্ণ ও অগ্রদর্শী। তিনি ছিলেন উন্নয়ন, স্বনির্ভরতা ও জাতীয়তাবাদের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী নেতা।”
খালেদা জিয়া তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও উদ্বেগ প্রকাশ করেন এবং গণতন্ত্রের পথে দলীয় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তার ভাষ্য, “আমরা আশা করছি, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সেই কাঙ্ক্ষিত সময় আর বেশি দূরে নয়।”
সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং জিয়াউর রহমানের অনুসারীরা উপস্থিত ছিলেন।
