চট্টগ্রামের দুটি উপজেলায় জলাবদ্ধতা, সন্দ্বীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের দুটি উপজেলায় জলাবদ্ধতা, সন্দ্বীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত এবং জোয়ারের পানির চাপ বাড়ায় জেলার আনোয়ারা ও হাটহাজারী উপজেলার বিভিন্ন অংশে আংশিক জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্যদিকে, উত্তাল সাগরের কারণে সন্দ্বীপ উপজেলার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপটি।

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের একটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। একইভাবে, হাটহাজারীর মেখল বাদামতল, কামদর আলী চৌধুরীহাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে প্রশাসনের নির্দেশে সন্দ্বীপগামী সব নৌরুটে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিএ চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, নিম্নচাপ কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে, যেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাসরত জনগণকে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Visited 66 times, 1 visit(s) today