এক মাসের জন্য প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

এক মাসের জন্য প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

তিনটি প্রধান দাবির পরিপ্রেক্ষিতে চলমান পূর্ণদিবস কর্মবিরতি সাময়িকভাবে এক মাসের জন্য স্থগিত করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশাব্যঞ্জক অগ্রগতি ও প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’। এ সিদ্ধান্তের কথা জানান পরিষদের আহ্বায়ক মো. শামছুদ্দিন মাসুদ।

বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠকটি বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে।

আলোচনায় উঠে আসে তিন দফা দাবি

বৈঠকে শিক্ষকদের তিনটি মূল দাবি নিয়ে বিশদ আলোচনা হয়:
১. সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির বাস্তবায়ন
২. দীর্ঘদিন কর্মরত শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদান
৩. সহকারী শিক্ষক পদের জন্য ১১তম গ্রেড কার্যকর করা

এই আলোচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, নীতিনির্ধারকেরা তাদের দাবি যৌক্তিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে জানানো হয়, পদোন্নতির বিষয়ে প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতাও নিরসনের পথে। প্রাথমিক পর্যায়ে ১১তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন এবং তা দ্রুতই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে।

মন্ত্রণালয় কর্তৃপক্ষ শিক্ষক নেতাদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছে।

এই প্রেক্ষাপটে শিক্ষক সংগঠন ঘোষণা দিয়েছে যে, তারা আগামী ২৫ জুন পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখবে। তবে তারা সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে আবারও কঠোর কর্মসূচির দিকে যেতে তারা বাধ্য হবে।

বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৩ জন শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণের অনুমতি পান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মো. আনিসুর রহমান (ঢাকা), নূরে আলম সিদ্দিকী রবিউল (মাদারীপুর), শাহীনুর আক্তার (কেরানীগঞ্জ), শিরীন সুলতানা (লালবাগ) এবং আহ্বায়ক শামছুদ্দিন মাসুদ (নোয়াখালী)। এছাড়া খুলনা, বরিশাল, সিলেট ও যশোরসহ বিভিন্ন জেলার প্রতিনিধি শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

Visited 40 times, 1 visit(s) today